বৈশাখের শুরুতে সামান্য স্বস্তি মিললেও দেশের তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। এর মধ্যেই নতুন করে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার ও রোববার (১৮-১৯ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রার দিক থেকে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
সোমবার ও মঙ্গলবার (২০-২১ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময়ে সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বুধবার (২২ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।



