tanaka
প্রচ্ছদজাতীয়মালয়েশিয়া থেকে অকটেনভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে

মালয়েশিয়া থেকে অকটেনভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজ দুটি আগামী ৮ এপ্রিল বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি বহির্নোঙরে নোঙর করবে এবং পরবর্তীতে তেল খালাসের কার্যক্রম শুরু হবে।

বিপিসি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন বহনকারী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি ৮ এপ্রিল রাতে পৌঁছাবে। একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও বন্দরে আসার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে জাহাজ ভিড়ছে বন্দরে। যুদ্ধ শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এছাড়া, চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে।