tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ‘না’ রাশিয়া-চীন-ফ্রান্স

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ‘না’ রাশিয়া-চীন-ফ্রান্স

জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই কৌশলগত পথটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি তাদের নৌবাহিনীর ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি তাদের ‘শত্রুদের জন্য’ কার্যত বন্ধ রাখা হবে। এই পরিস্থিতির ফলে গত এক মাসে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে ৩২০টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাংকার।

এর প্রভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটও দেখা দিতে শুরু করেছে।

এই প্রেক্ষাপটে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে বলপ্রয়োগের অনুমতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে উপসাগরীয় দেশ বাহরাইন। কূটনৈতিক সূত্র জানায়, প্রস্তাবে জাতিসংঘের মাধ্যমে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন চাওয়া হয়, যাতে নৌপথটি পুনরায় খুলে দেওয়া যায়।

শুক্রবার (৩ এপ্রিল) প্রস্তাবটি ভোটাভুটির জন্য তোলা হলেও ভেটো ক্ষমতাধর তিন দেশ—রাশিয়া, চীন ও ফ্রান্স—এর বিরোধিতার মুখে তা ভেস্তে যায়। দেশগুলো নীতিগতভাবে এমন কোনো প্রস্তাবের বিরোধিতা করে, যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে চীন ও রাশিয়াকে ইরানের পক্ষে অবস্থান নিতে দেখা গেলেও, এবার ফ্রান্সের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

এর ইঙ্গিত আগেই দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন, সামরিক অভিযানের মাধ্যমে বলপ্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার ধারণা অবাস্তব এবং এটি কখনোই ফ্রান্স সমর্থন করে না।

ম্যাক্রোঁ আরও সতর্ক করেন, এ ধরনের সামরিক পদক্ষেপ দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে এবং প্রণালী ব্যবহারকারী জাহাজগুলো ইরানের বিপ্লবী বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়বে।

তিনি জানান, সংঘাত শেষ হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে একটি জোট গঠনের পরিকল্পনা রয়েছে।

তার ভাষায়, এই কৌশলগত নৌপথটি পুনরায় চালু করা অত্যন্ত জরুরি, তবে তা কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।