tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপ একযোগে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন প্রেক্ষাপটে শনিবার (২৭ ডিসেম্বর) যুদ্ধসংক্রান্ত এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িত। তারা চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক।”

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর আবার হামলা হলে তেহরান আগের চেয়ে আরও কঠোর জবাব দেবে। পেজেশকিয়ান বলেন, “আমাদের প্রিয় সামরিক বাহিনী দৃঢ়ভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব ধরনের সংকটের মধ্যেও এখন তাদের সক্ষমতা আগের তুলনায় আরও বেশি—সরঞ্জাম ও জনবল উভয় দিক থেকেই। তারা (ইসরাইল ও যুক্তরাষ্ট্র) যদি আবার হামলা চালায়, তাহলে আরও শক্তিশালী প্রতিক্রিয়া পাবে।”

ইরানের প্রেসিডেন্ট আরও দাবি করেন, চলমান এই সংঘাত আশির দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। তার ভাষায়, পশ্চিমা শক্তি ও ইসরাইলের বিরুদ্ধে লড়াই কেবল সামরিক নয়; বরং নিষেধাজ্ঞা, কূটনীতি ও নিরাপত্তা—সব মিলিয়ে একটি সমন্বিত যুদ্ধের মুখোমুখি হচ্ছে ইরান।

এদিকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির যুবসমাজকে প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মার্কিন-ইসরাইলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই ইরানকে টিকিয়ে রেখেছে। খামেনির মতে, এই লড়াই শুধু পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে নয়, বরং বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের প্রতীক।

অন্যদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংলাপ পুনরায় শুরু করতে মধ্যস্থতার চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাসের ঘাটতিই আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।