tanaka
প্রচ্ছদরাজনীতিমিত্রদের জন্য ১৫টি আসন ছাড়তে পারে বিএনপি

মিত্রদের জন্য ১৫টি আসন ছাড়তে পারে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা ও আসন সমঝোতা নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। মিত্রদের জন্য কতটি আসন ছাড় দেওয়া হবে—সে বিষয়ে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে প্রধান শরিক বিএনপি। তবে কিছু ‘জটিল’ আসনের ক্ষেত্রে সিদ্ধান্তে আরও কিছুটা সময় লাগতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ইতোমধ্যে যেসব আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখান থেকে শরিকদের জন্য দু–একটি আসনে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে ঢাকা-১২ ও নড়াইল-২ আসন উল্লেখযোগ্য। পাশাপাশি গণতন্ত্র মঞ্চের শীর্ষ তিন নেতাকে সমর্থন দেওয়ার বিষয়েও আলোচনা এগিয়েছে।

সব মিলিয়ে এবার মিত্রদের জন্য বিএনপির আসন ছাড়ের সংখ্যা ১৫টির মতো হতে পারে। ২০১৮ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের জন্য ৫৯টি আসন ছেড়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই সংখ্যা কমতে পারে বলে আভাস মিলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আসন সমঝোতা নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। আগামীকাল শুক্রবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে ইতোমধ্যে ঘোষিত প্রার্থীদের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম।’

নির্বাচন সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন মূলত শরিকদের জন্য রাখা হয়েছে বলে দলটি জানিয়েছে। তবে শরিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কিছু আসনে প্রার্থী ঘোষণায় অসন্তোষ তৈরি হয়। ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ছয়টিতে অনিবন্ধিত দল ও জোটের শীর্ষ নেতারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন—এমন অভিযোগ তুলে মিত্ররা ক্ষোভ প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে গত ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের শরিক ২৯টি দল বৈঠকে বসে। সেখানে আসন সমঝোতা বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্টভাবে জানতে চাওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর বিএনপি শরিকদের সঙ্গে বৈঠক করে এবং ১৭ ও ১৮ ডিসেম্বর আলাদা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়ার কথা জানায়।

এর অংশ হিসেবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। গত বুধবার ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথক বৈঠক হয়। বৃহস্পতিবার গণফোরাম এবং গণতন্ত্র মঞ্চভুক্ত জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টির সঙ্গে বৈঠক হয়। এসব বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ঢাকা-১২ আসনে ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি। জেএসডির পক্ষ থেকে লক্ষ্মীপুর-৪ ও ফেনী-৩ আসনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চের অন্য শীর্ষ নেতাদের জন্যও কয়েকটি আসনে সমর্থনের সম্ভাবনা রয়েছে।

এদিকে নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে বিএনপি। পাশাপাশি এলডিপি, বিজেপি ও এনডিএমের কয়েকজন শীর্ষ নেতার আসনেও সমঝোতার আলোচনা এগিয়েছে।

দলীয় সূত্র বলছে, কৌশলগত কারণে যেসব আসনে সমঝোতা সম্ভব হবে না, সেসব ক্ষেত্রে ক্ষমতায় গেলে সংসদের উচ্চকক্ষসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে শরিকদের যথাযথ মূল্যায়ন করা হবে—এমন বার্তাও দেওয়া হচ্ছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের বাইরে একটি ইসলামী দলের সঙ্গেও আসন সমঝোতা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছাড় দেওয়ার বিষয়ে বোঝাপড়া হয়েছে, যেসব আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি।

এদিকে আজ শুক্রবার গণতান্ত্রিক বাম ঐক্য ও গণঅধিকার পরিষদের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবে বিএনপি।