মিয়ানমারের কারাবন্দি সাবেক নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি জীবিত আছেন কিনা—এ নিয়ে চরম অনিশ্চয়তা প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা এবং তার শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম অ্যারিস বলেন, তার মায়ের দীর্ঘদিনের একাধিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখতে পারেনি; এমনকি তার আইনজীবীদেরও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। পরিবারের কাছেও সু চির বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এ কারণেই তিনি আশঙ্কা করছেন, তার মা আদৌ বেঁচে আছেন কিনা—তা জানার কোনো উপায় নেই।
কিমের অভিযোগ, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই তার মায়ের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। এ সময়ে কেবল ছিটেফোঁটা তথ্যের মাধ্যমে জানা গেছে, সু চি হৃদরোগ, হাড় ও মাড়ির সমস্যায় ভুগছেন।
চলতি মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক জান্তা আয়োজিত নির্বাচন প্রসঙ্গে কিম বলেন, যদিও তিনি এই নির্বাচন প্রত্যাখ্যান করেন, তবুও এটি তার মায়ের জন্য সামান্য স্বস্তির সুযোগ তৈরি করতে পারে। তার আশঙ্কা, জান্তাপ্রধান মিন অং হ্লাইং রাজনৈতিক স্বার্থে সু চিকে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে তাকে মুক্তি দেওয়া বা অন্তত গৃহবন্দি অবস্থায় রাখা হলে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।
মিয়ানমারের সেনাবাহিনী অতীতে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ উপলক্ষে বন্দিদের মুক্তি দেওয়ার নজির রেখেছে। সু চিও ২০১০ সালে নির্বাচনের কয়েক দিন পর মুক্তি পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৫ সালের নির্বাচনের পর তিনি দেশটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার কারণে তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা তীব্র হয়েছে। সশস্ত্র বিদ্রোহের কারণে দেশের বহু এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমানে সু চি উসকানি, দুর্নীতি ও নির্বাচনি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন—যা তিনি প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হচ্ছে, তাকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে। কিম জানান, দুই বছর আগে মায়ের পাঠানো একটি চিঠিতে সেলের চরম গরম ও ঠান্ডা নিয়ে অভিযোগের কথা উল্লেখ ছিল।
কিম অ্যারিস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ধীরে ধীরে মিয়ানমারের সংকট ভুলে যাচ্ছে। ২৮ ডিসেম্বর দেশটিতে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এই সুযোগে তিনি সু চির মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ জোরদার করতে চান।
তার ভাষায়, “সবাই জানে সামরিক বাহিনীর আয়োজিত এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। তবুও এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে।”
তিনি বলেন, রাখাইন সংকটের আগে তার মায়ের আন্তর্জাতিক মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। পরবর্তীতে তা দুর্বল হয়ে পড়ে। যদিও রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় সু চির সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ নেই, তবে ২০২০ সালে আন্তর্জাতিক আদালতে তিনি স্বীকার করেছিলেন—কিছু যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে।
সূত্র: রয়টার্স



