দীর্ঘ চার বছরের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বিয়ের আয়োজন ঘিরে প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। রিংকুর সতীর্থ ভারতীয় ক্রিকেটারদেরও বিয়েতে দেখা যেতে পারে।
রিংকু ও প্রিয়ার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে গত বছরের ডিসেম্বরে। এক সাক্ষাৎকারে ভারতীয় এই ক্রিকেটার নিজেই তাদের প্রেমের গল্প জানিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, করোনাকালীন আইপিএলের সময় মুম্বাইয়ে থাকাকালে একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি। ছবিটি দেখেই তার প্রতি আগ্রহ তৈরি হয়।
তবে সরাসরি প্রিয়াকে বার্তা পাঠাবেন কি না, তা নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন রিংকু। পরে প্রিয়া তার কয়েকটি ছবিতে লাইক দিলে সাহস পান তিনি। এরপর তাকে বার্তা পাঠান এবং ধীরে ধীরে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। এমনকি ম্যাচের আগেও দুজনের কথা হতো বলে জানিয়েছিলেন রিংকু।
রিংকু জানান, ২০২২ সাল থেকে প্রিয়ার প্রতি তার ভালোবাসার অনুভূতি আরও গভীর হতে শুরু করে। এভাবেই চার বছরের সম্পর্ক এখন বিয়ের দিকে এগিয়েছে।
প্রিয়া সরোজের জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর। তিনি উত্তর প্রদেশের রাজনীতিক ও আইনজীবী। তফশিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসন থেকে ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। দেশটির লোকসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্যদের একজন হিসেবেও পরিচিত প্রিয়া।
অন্যদিকে, রিংকু সিংয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ অক্টোবর উত্তর প্রদেশের আলীগড়ে। আইপিএলে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত ভারতের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।



