দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান— স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
একই সঙ্গে জাতীয় তথ্য বাতায়নের আওতাধীন মাঠপর্যায়ের সব শিক্ষা অফিসকে আগামী ৪ জুনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নের আওতায় থাকা মাউশির আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট চালু থাকলেও অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগের নির্দেশনাও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
আদেশে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নিয়মিত দৃশ্যমান ও হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব তথ্য নিয়মিত আপডেট করা হচ্ছে না, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এ পরিস্থিতিতে আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ওয়েবসাইট প্রস্তুত ও হালনাগাদের কাজ শেষ করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সাবমিট করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি।



