tanaka
প্রচ্ছদজাতীয়১৫–২০ মিনিটেই মিলছে লাগেজ, যাত্রীসেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

১৫–২০ মিনিটেই মিলছে লাগেজ, যাত্রীসেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলার পর এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীসেবার বর্তমান মানে সন্তুষ্টি প্রকাশ করলেও এ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় লাগেজের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। যাত্রীরা কতক্ষণে লাগেজ পাচ্ছেন এবং সামগ্রিক সেবার অভিজ্ঞতা কেমন, সে বিষয়েও খোঁজ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবার মানের উন্নতি হয়েছে। যাত্রীরা তাঁকে জানিয়েছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন। এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তবে সেবার এ মান ধরে রাখার পাশাপাশি আরও উন্নতির প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে বিমানবন্দরে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতোমধ্যে তা বাস্তবায়ন করা হয়েছে।

লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন উল্লেখ করে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সৌদি রুটে বিকল্প ফ্লাইট চালুর চেষ্টা

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।

তিনি জানান, আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের বিষয়ে কাজ করা হচ্ছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি ও ট্রানজিট রুটের একাধিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে।

লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীসেবার মান উন্নত করা এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন। এতে লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা ও এ-সংক্রান্ত ভোগান্তি কমানোর পাশাপাশি সেবার জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।