tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনস্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

কোন শ্রেণিতে ভর্তির বয়স কত?

নীতিমালার ২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।

নীতিমালায় শ্রেণিভিত্তিক বয়সসীমা নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • প্রথম শ্রেণি: ৫ থেকে ৭ বছর
  • দ্বিতীয় শ্রেণি: ৬ থেকে ৮ বছর
  • তৃতীয় শ্রেণি: ৭ থেকে ৯ বছর
  • চতুর্থ শ্রেণি: ৮ থেকে ১০ বছর
  • পঞ্চম শ্রেণি: ৯ থেকে ১১ বছর
  • ষষ্ঠ শ্রেণি: ১০ থেকে ১২ বছর
  • সপ্তম শ্রেণি: ১১ থেকে ১৩ বছর
  • অষ্টম শ্রেণি: ১২ থেকে ১৪ বছর
  • নবম শ্রেণি: ১৩ থেকে ১৫ বছর

বয়স প্রমাণে লাগবে জন্মনিবন্ধন সনদ

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।

এক শাখায় ভর্তি করা যাবে ৫৫ জন

নীতিমালায় বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। এ সময়ে প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত এ নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে। ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে নির্ধারিত বয়সসীমা ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।