বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে অবশেষে থমাস ঢুলির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েক সপ্তাহ ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাফুফের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ঢুলিকে নিয়োগ দিতে পেরে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলে তার রয়েছে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘১৯৯৮ সালের বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন। পরে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দল গঠন এবং খেলোয়াড় উন্নয়নে তার বিশেষ দক্ষতা রয়েছে। এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কেও তার গভীর ধারণা আছে।’
বাফুফে জানায়, ঢুলির অধীনে ফিলিপাইন জাতীয় দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। একই সঙ্গে দলটি অর্জন করেছিল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং।
সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। তার অধীনে দলটি টানা চার ম্যাচে জয় পায়। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তোলাই হবে তার মূল লক্ষ্য।
এর আগেই বিশ্বস্ত সূত্রে জানা যায়, নতুন দায়িত্ব নিতে শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে থমাস ঢুলির। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতিশ্রুতি অনুযায়ী, জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগেই নতুন কোচকে ঢাকায় আনা হচ্ছে।
আগামী ২৩ মে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হওয়ার কথা জাতীয় দলের নতুন ক্যাম্প। সেই সূচি মাথায় রেখেই আগেভাগে কোচকে বাংলাদেশে আনা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে।
জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ওয়েলসের কোচ কোলম্যানকে আনার সম্ভাবনা নাকচ হওয়ার পর সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্য থেকে থমাস ঢুলিকে চূড়ান্তভাবে বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় সভাপতি তাবিথ আউয়ালকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় দল কমিটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কোচের ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কোচের আগমনের ইঙ্গিত মিলেছিল বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিদায়ী স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কোচ খুঁজছিল বাফুফে।
ঢাকায় পৌঁছানোর পর থমাস ঢুলিকে স্থানীয় একটি ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রাখার পরিকল্পনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।
খেলোয়াড় ও কোচ— দুই ভূমিকাতেই থমাস ঢুলির ক্যারিয়ার সমৃদ্ধ। খেলোয়াড় হিসেবে তিনি জার্মান বুন্দেসলিগার শীর্ষ পর্যায়ে খেলেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালে দলকে নেতৃত্বও দেন।
তবে তার নিয়োগ ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষও রয়েছে। গত দুই দিন ধরে একদল সমর্থক বাফুফে ভবনের সামনে বিক্ষোভ করেছেন। আজও তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।



