tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিবারের নতুন কোনো সদস্য—ভাই বা বোন—জন্ম নিলে তাদের নামেও একটি গাছ রোপণের পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিবেশ রক্ষায় সবাইকে প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতি বছর একটি করে গাছ লাগালে যেমন গাছ বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে।”

তিনি আরও বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তান যেমন বেড়ে উঠবে, তেমনি গাছটিও ধীরে ধীরে বড় হয়ে পরিবারের স্মৃতির অংশ হয়ে উঠবে।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের একটি ঐতিহাসিক প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরবর্তীতে সেই চারাগুলো থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই পরিবেশ সংরক্ষণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিতভাবে নিয়মিত বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।