tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনশিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ, একাদশের ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ, একাদশের ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংরক্ষিত ছুটি দেওয়া হলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে ২৪ সেপ্টেম্বর সংরক্ষিত ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ নেবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ সেপ্টেম্বরের ছুটির আওতায় থাকবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় সংশোধন আনে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠায়।

মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এতে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি উল্লেখ থাকায় ২৩ সেপ্টেম্বর ছুটি হবে কি না, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দিবসটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন ও মাউশির নির্দেশনার পর সেই অনিশ্চয়তা দূর হয়েছে।

একাদশ শ্রেণির ক্লাস শুরু একদিন পিছিয়েছে

এদিকে, আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।