মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ গ্রিনল্যান্ডে শীতল যুদ্ধের সময়ের একটি পুরোনো সামরিক ঘাঁটি আবার চালু করার পরিকল্পনা করছে। একই সঙ্গে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে আরেকটি ঘাঁটি স্থাপন করা হবে। বর্তমানে ওই এলাকায় ডেনমার্কের কুকুরে টানা স্লেজ টহলদল দায়িত্ব পালন করে।
বিষয়টি নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে অবগত তিনজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে অবগত দুইজন জানিয়েছেন, নতুন করে ব্যবহারের পরিকল্পনা করা স্থান দুটি হলো নারসারসুয়াক ও মেস্টারসভিগ।
নারসারসুয়াকে যুক্তরাষ্ট্র ১৯৫০-এর দশকে ব্লুই ওয়েস্ট ওয়ান নামে একটি সামরিক ঘাঁটি পরিচালনা করত। ঘাঁটিটি বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার জনসংখ্যা কমে এখন মাত্র কয়েক ডজন মানুষের মতো হয়েছে। অন্যদিকে, মেস্টারসভিগ বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর একটি ইউনিট সিরিয়াস ডগ স্লেজ প্যাট্রোলের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি।
ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নতুন একটি চুক্তিতে সই করবে বলে আশা করা হচ্ছে।



