চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরেও দেওয়া হবে ৫০টি ট্রলি, জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ ও মালামাল বহনের সুবিধার্থে নতুন ১৫০টি প্যাসেঞ্জার ট্রলি যুক্ত করা হয়েছে। প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যাতায়াত ও সেবা গ্রহণ আরও সহজ করতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এসব ট্রলি সরবরাহ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ট্রলিগুলো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী কর্মীদের সেবার মান উন্নয়নে মোট ২০০টি নতুন ট্রলি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৫০টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয়েছে। বাকি ৫০টি পর্যায়ক্রমে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহ করা হবে।
প্রবাসীদের ভোগান্তি কমাতে উদ্যোগ
ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিমানবন্দরে আসা-যাওয়ার সময় ট্রলির সংকটে যাতে তাঁদের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রিয়াদগামী ফ্লাইট জটিলতা নিয়ে যা বললেন মন্ত্রী
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও রিয়াদ বিমানবন্দরকেন্দ্রিক ফ্লাইট জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিস্থিতির কারণে আটকে পড়া প্রবাসীদের বিকল্প রুটে, যেমন মদিনা হয়ে, অথবা অন্য এয়ারলাইনসের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে বিকল্প ব্যবস্থা
সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিমানের ফ্লাইট বন্ধ থাকায় মরদেহ দুটি ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে। অন্য এয়ারলাইনসের মাধ্যমে সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী জানান, ওই দুই বাংলাদেশির একজন বগুড়া এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা।
এ ছাড়া রিয়াদে হামলার পর সেখানে আটকে পড়া ওমরাহযাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। এ বিষয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



