সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই আমরা সফল হয়েছি’
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ইরান সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই জয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া এই সংঘাত ছিল একটি ‘কাপুরুষোচিত যুদ্ধ’। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে আগ্রাসনের মোকাবিলা করেছে বলে দাবি করেন তিনি।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সংঘাতের সময় দেশের জনগণ যে ঐক্য, সাহস ও দৃঢ়তা দেখিয়েছে, তা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নিয়েও মন্তব্য করেন গালিবাফ। তার দাবি, এই সমঝোতা কোনো পরাজয়ের ফল নয়; বরং এটি ইরানের জন্য ‘সম্মান ও বিজয়ের স্মারক’।
তার মতে, সমঝোতার মাধ্যমে কূটনৈতিক আলোচনার টেবিলে ইরান নিজেদের অবস্থান ও অর্জনগুলো আরও সুসংহত করতে সক্ষম হয়েছে।
তবে ইরানের এই ‘জয়’ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া এসেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা



