tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশযুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে নিহত ২৫, সতর্কতার আওতায় ৪ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে নিহত ২৫, সতর্কতার আওতায় ৪ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধিজনিত অসুস্থতায় ৩৭৮ জনের বেশি মানুষ জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। একই সঙ্গে তাপপ্রবাহজনিত সতর্কতার আওতায় রয়েছেন দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ।

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষ্যে উদযাপনের মধ্যেই অন্তত ১৮টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, র‍্যালি, নরফোক এবং আটলান্টিক সিটিসহ বিভিন্ন শহরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

রোববার (৫ জুলাই) ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর, র‍্যালি, চার্লসটন ও জ্যাকসনভিলসহ বিভিন্ন শহরে অনুভূত তাপমাত্রা ১০০ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে পূর্বাঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে।

অন্যদিকে, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে মঙ্গলবার (৭ জুলাই)থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ফিনিক্স ও টুসন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউ জার্সিতে। অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিসিসিপির হাইন্ডস কাউন্টিতে দুইজন এবং ইলিনয়ের কুক কাউন্টিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে তীব্র ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মিশিগানে ২ লাখ ১৫ হাজারের বেশি, পেনসিলভানিয়ায় ১ লাখ ৫১ হাজার ৭০০ এবং নিউ জার্সিতে ৯৪ হাজার ২০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

শনিবারের ঝড়ে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে ৫৪০টির বেশি ক্ষতিকর দমকা হাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। ওকলাহোমার নরম্যানে ঘণ্টায় ৯২ মাইল এবং নিউইয়র্কের সাফোক কাউন্টিতে ঘণ্টায় ৮৭ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছে।