রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাত থেকে টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে এবং তাঁর ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. সুমন (৪৫) ও তাঁর ছেলে ফাহিম (১৮)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমন ও ফাহিম ফুটপাতে ভ্যানে করে আলু-পেঁয়াজ বিক্রি করেন। স্থানীয় সূত্রের দাবি, ফুটপাত থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে তাঁদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন নির্ধারিত টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার দাবি জানানো হলে তাঁরা তাতে রাজি হননি। এর জেরেই তাঁদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সূত্র জানায়, রাব্বি নামের এক ব্যক্তির নেতৃত্বে হামলাটি চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাব্বি স্থানীয়ভাবে চিহ্নিত চাঁদাবাজ বাদল শরীফ ওরফে বাদলের অনুসারী বলে দাবি করেছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, ময়ূরভিলার সামনের ফুটপাতের বিভিন্ন অংশে দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। জায়গার অবস্থান অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে টাকা আদায়কারীদের বিরোধের ঘটনাও ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রাত ৮টার পর মামুন নামের এক ব্যক্তি ওই এলাকায় টাকা সংগ্রহ করেন। ফুটপাতটি নিয়ন্ত্রণে বাদলের অনুসারীরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ তাঁদের।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন বাদল শরীফ ওরফে বাদল। তবে তাঁর অনুসারীরা এখনো এলাকায় সক্রিয় বলে দাবি স্থানীয় সূত্রের।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।



