সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
নিহতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



