বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমার জুনিয়র। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরলেও এই তারকা ফরোয়ার্ডকে ম্যাচের শুরু থেকেই একাদশে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তবে ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের খেলা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং দলের কৌশলের ওপর।
আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। সে কতক্ষণ খেলবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। যখন মনে হবে দল তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামানো হবে।’
একই সঙ্গে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি ইতালিয়ান এই কোচ। তিনি বলেন, ‘নেইমার ও ভিনিসিয়ুস একসঙ্গে খেলতে পারে। আমার বিশ্বাস, তারা একসঙ্গেই খেলবে।’
শেষ বত্রিশে জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে নামানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। এ বিষয়ে আনচেলত্তি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে মাঠে নামানোর প্রস্তুতি ছিল।
তার ভাষায়, ‘আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই কৌশলে পরিবর্তনের প্রয়োজন হয়নি।’
চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে অংশ নেওয়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলেছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
আনচেলত্তি আরও জানান, বেঞ্চে বসে থাকতে নেইমার খুব একটা স্বস্তি বোধ করছেন না। তবে দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি সবসময় ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন এবং পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের।



