মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গতকাল (৫ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর সরকার নিবিড় নজরদারি করছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে লক্ষ্য করে দেশটির সেনাবাহিনীর হামলা তীব্র আকার ধারণ করেছে। এর ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা সার্বক্ষণিক নজর রাখছি। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
এদিকে, বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিয়েছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
তিনি বলেন, “আরাকান আর্মির প্রধানের চিকিৎসা নেওয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”



