tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদপরবাসমালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দেশটির পাহাং প্রদেশের রমপিন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আরও এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রমপিন জেলার কামপুং পেরউইরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ কাদের (৩৪) ও মোহাম্মদ দালিম (৩০)। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন।

দুর্ঘটনায় আহত শ্রমিকের বয়স ৪১ বছর। তবে ৪৫ বছর বয়সী বাংলাদেশি লরিচালক অক্ষত রয়েছেন।

রমপিন জেলার পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্ডই জানান, চারজন বাংলাদেশি শ্রমিক একটি লরিতে করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক বহন করছিলেন। লরিটির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক বসা ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়িকে ওভারটেক করার সময় লরিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লরিটি সড়কের বাম পাশে উল্টে যায়। দুর্ঘটনায় সামনের আসনে থাকা কাদের এবং পেছনের যাত্রী দালিম ঘটনাস্থলেই মারা যান। আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও কাউকে লরি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল কি না—সে বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সুপার আরও নিশ্চিত করেন, দুর্ঘটনায় জড়িত চারজনেরই বৈধ ভ্রমণ নথি এবং তেলপাম বাগানে কাজ করার অনুমতি ছিল।

নিউ স্ট্রেইট টাইমস জানায়, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা তদন্তাধীন রয়েছে। বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে প্রাণহানির কারণ হলে এ আইনে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।