tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমালয়েশিয়ায় আলোচনা ও দোয়ায় খালেদা জিয়ার জন্মদিন পালন

মালয়েশিয়ায় আলোচনা ও দোয়ায় খালেদা জিয়ার জন্মদিন পালন

কুয়ালালামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজন, তুলে ধরা হলো তার রাজনৈতিক জীবনের নানা দিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট) রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাং এলাকার পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে এশার নামাজের পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং জনগণের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে তার ভূমিকা তুলে ধরেন। তাদের বক্তব্যে খালেদা জিয়ার নেতৃত্ব, রাজনৈতিক দৃঢ়তা, দেশপ্রেম ও আপসহীন অবস্থানের বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার উত্থানের পেছনে তার রাজনৈতিক দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব ও মানুষের প্রতি দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তারা।

রাজনৈতিক জীবনে প্রতিকূলতা, কারাবরণ ও নানা চাপের মুখেও খালেদা জিয়া তার অবস্থান থেকে সরে যাননি বলেও মন্তব্য করেন বক্তারা। তাদের মতে, দেশের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক রয়েছে।

মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন।

সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও আস্থা প্রকাশ করেন নেতারা। তারা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে দলটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়ার সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গল কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।