শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক সৌদি আরব প্রবাসী চয়ন মোল্লা (২৩) ঘটনাস্থলেই মারা যান। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের ছেলে। তিনি গত ঈদুল আজহার ছুটিতে দেশে এসেছিলেন।
এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী একই গ্রামের দুই যুবক সিয়াম মোল্লা (২৩) ও নয়ন হোসেন (২১) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে নেওয়ার পথে রাত ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়।



