বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্ঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতে বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে পরে থানায় হস্তান্তর করে।
মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বিষয়টি দল গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।



