প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া ও বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করার উদ্যোগ
বিমান খাতের সব ধরনের সিন্ডিকেট নির্মূল করে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের জন্য ন্যায্য বিমানভাড়া নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (১৬ আগস্ট) মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা পেলে বিমান খাতের বিদ্যমান সিন্ডিকেটগুলো নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রবাসীদের বিমানভাড়া যাতে অযৌক্তিকভাবে বাড়ানো না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে পর্যটন করপোরেশনের আওতাধীন হোটেল-মোটেল এবং বিমানভাড়ায় বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রথম ছয় মাসে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মৎস্য খাতেও গুরুত্ব দেওয়ার আহ্বান
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের ওপরও গুরুত্বারোপ করেন আফরোজা খানম।
তিনি বলেন, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মৎস্য পক্ষ উদ্যাপিত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং উৎপাদন টেকসই রাখতে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মৎস্যচাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
দেশের মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে মৎস্য চাষের পরিধি বাড়াতে হবে।
র্যালি ও পোনা অবমুক্ত
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রোববার সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মন্ত্রী আফরোজা খানম র্যালিটির উদ্বোধন করেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী।
আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, পুলিশ সুপার সারোয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পিপি নুরতাজ আলম বাহারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



