tanaka
প্রচ্ছদখেলা‘বাংলাদেশ এখন ভালো টেস্ট দল’, প্রশংসায় ইংল্যান্ডের নির্বাচক

‘বাংলাদেশ এখন ভালো টেস্ট দল’, প্রশংসায় ইংল্যান্ডের নির্বাচক

বাংলাদেশ দলের প্রশংসা করেছেন ইংল্যান্ডের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ। তাঁর মতে, বাংলাদেশ এখন ভালো একটি ক্রিকেট দল, বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাদের সামর্থ্য উল্লেখযোগ্য।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ইংলিশরা। সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। ওই সিরিজের শেষ ম্যাচে মিরপুরে ১০৮ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। দুই দলের টেস্ট লড়াইয়ে সেটিই ছিল বাংলাদেশের প্রথম ও একমাত্র জয়।

আসন্ন সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের বোলিং শক্তির প্রশংসা করেছেন নর্থ। তিনি বলেন, বাংলাদেশ সফর মানেই শুধু কয়েকজন ভালো স্পিনারের মুখোমুখি হওয়া নয়। দলটির বেশ কয়েকজন ভালো পেসারও রয়েছেন। তাই সফরটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন তিনি।

নর্থের ভাষায়, বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে হলে ইংল্যান্ডের এমন একটি স্কোয়াড প্রয়োজন, যেখানে পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের জন্য পর্যাপ্ত বিকল্প থাকবে।

বাংলাদেশ সফর সামনে রেখে নিজেদের প্রস্তুতিতেও পরিবর্তন আনছে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে স্পিন উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে শুরু করেছে।

নর্থ জানিয়েছেন, রিচার্ড ডওসনের সাম্প্রতিক নিয়োগের প্রভাব শুধু স্টিফেন ফ্লেমিংয়ের সহকারী কোচ হিসেবে তাঁর দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইংল্যান্ডের জাতীয় পর্যায়ে স্পিন বোলিংয়ের উন্নয়নেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

বাংলাদেশের কন্ডিশনে স্পিনের পাশাপাশি পেস বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সে কারণে দুই বিভাগেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সফরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিতে চায় ইংল্যান্ড।