tanaka

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দর, আইকাও অডিটের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দর, আইকাও অডিটের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগচুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দর, আইকাও অডিটের আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রচ্ছদসারাদেশআদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিনের পর আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম মুন্না এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত নেতাকর্মীরা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিও ও ছবি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রিকশাচালক তুহিন হত্যা মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে আইভীর উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে ওঠার আগে আইভী বলেন, ‘জয় বাংলাকে থামিয়ে রাখা যাবে না।’

এরপর আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

তবে জিয়াউল ইসলাম কাজলের এক নিকটাত্মীয়ের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কাজলকে কোনো স্লোগান দিতে দেখা যায়নি। বরং তাঁর হাতে মামলার নথিপত্রের ফাইল ছিল এবং তিনি আইভীর পাশে হাঁটছিলেন। ওই স্বজনের ভাষ্য, আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছিলেন কাজল। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত নন বলে দাবি করেন ওই আত্মীয়।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেহানুল জানান, এ মামলায় অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।