tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসায় সুখবর দিল ভারত

বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসায় সুখবর দিল ভারত

দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ব্যবসায়িক ভিসা পুনরায় ইস্যু শুরু হয়েছে। জরুরি ভিসার আবেদনগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞানবিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’–এ তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানির উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রাপ্তির জটিলতা দ্রুত দূর করার পাশাপাশি দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজ করার দাবি তোলেন।

ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এখন সীমিত জনবল নিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, “বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি।” ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘ফার্মা কানেক্ট’ উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সহযোগিতা এবং সাপ্লাই চেইন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, দেশে কাঁচামাল শিল্প বৃদ্ধি পাচ্ছে এবং ভারত এ খাতে আরও অগ্রসর হওয়ায় স্থলসীমান্ত ব্যবহার করে কাঁচামাল আমদানি করলে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হতে পারে।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এবার সিপিএইচআই–পিএমইসি মেলায় বাংলাদেশ থেকে খুব কমসংখ্যক প্রতিনিধি অংশ নিতে পারছেন। সাধারণত কয়েকশ’ পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন।

তিনি ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করা এবং আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।