tanaka
প্রচ্ছদসারাদেশফুটবল ম্যাচ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পটুয়াখালীতে আহত অর্ধশতাধিক

ফুটবল ম্যাচ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পটুয়াখালীতে আহত অর্ধশতাধিক

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাচে কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে ছিল। খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং মাঠের বাইরে থাকা সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে প্রতিপক্ষ দলের টিম লিডার রাকিব তালুকদারের লোকজন ইট দিয়ে মুখে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মিরাজের মুখমণ্ডল গুরুতরভাবে আহত হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন।

আহতদের মধ্যে মিরাজ খান (৩০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকার একটি স্থান থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল মৃধা বলেন, চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিয়েছে। বুধবারের ঘটনার জন্য তিনি মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশকে দায়ী করেন। তার দাবি, সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং খেলা পরিচালনা কমিটির সদস্যদের ওপরও হামলা করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনার ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।