কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সফর সফল করতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে। পাড়া-মহল্লায় ও ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমন্ত্রণ। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে পাকুন্দিয়ার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান। তাঁরা প্রধানমন্ত্রীর সফরসূচির অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠান শেষে জেলা সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতি ও মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে।
এরপর বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে একই মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর অনুষ্ঠান কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এর আগে তিনি পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তাঁকে একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হবেন বলে তাঁরা আশা করছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।



