পাবনার আটঘরিয়ায় কিশোরী তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে (৬০) গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আহত অবস্থায় প্রাণ বাঁচাতে দৌড়ে স্থানীয় একটি বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়েন আদম আলী। সেখানেই তার মৃত্যু হয়।
নিহত আদম আলী আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কারা এবং কী কারণে আদম আলীকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তমা খাতুন হত্যা মামলার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, নাকি অন্য কোনো বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, আদম আলী ষাটগাছা গ্রামের নায়েব আলীর ১৬ বছর বয়সী মেয়ে তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।



