tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনারী তারকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের ফের সতর্ক করলেন সালমান

নারী তারকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের ফের সতর্ক করলেন সালমান

নারী তারকাদের আপত্তিকর কোণ থেকে ছবি ও ভিডিও ধারণের প্রবণতা নিয়ে আবারও সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। পাপারাজ্জিদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারকাদের ব্যক্তিগত মর্যাদা ও পছন্দের প্রতি সম্মান দেখানোর কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এর আগে ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও একই বিষয়ে ফটোসাংবাদিকদের কড়া বার্তা দিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।

সম্প্রতি ‘আইফা ২০২৭’-এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারিনা কাপুরের সঙ্গে উপস্থিত হন সালমান খান। তারকাদের উপস্থিতিতে ছবি তোলার ব্যস্ততার মধ্যেই পাপারাজ্জিদের উদ্দেশে আগের সতর্কবার্তার প্রসঙ্গ আবার সামনে আনেন তিনি।

আপত্তিকর দৃষ্টিকোণ থেকে অভিনেত্রীদের ছবি তোলার সমালোচনা করে সালমান বলেন, ফটোসাংবাদিকদের নিজেদের সীমা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তার ভাষ্য, পেছন দিক থেকে ছবি তোলার বিষয়টি মাথায় রেখেও অন্তত সম্মানটুকু বজায় রাখা উচিত।

অভিনেতার মতে, কোনো অভিনেত্রী এভাবে ছবি তুলতে নিষেধ করলে এবং কেউ আপত্তি না জানালে—এই দুই পরিস্থিতির পার্থক্য বোঝার দায়িত্ব ফটোসাংবাদিকদের রয়েছে।

‘বিগ বস’-এর মঞ্চেও ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান

গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে নারী তারকাদের পেছন দিক থেকে আপত্তিকর ছবি তোলার বিরুদ্ধে কথা বলেছিলেন সালমান। সে সময় তিনি দাবি করেন, অধিকাংশ নারীই এ ধরনের ছবি পছন্দ করেন না। এমনকি যারা বর্তমানে মা হয়েছেন, তারাও এ ধরনের ছবি তোলাকে সমর্থন করেন না বলে মন্তব্য করেন তিনি।

সালমান আরও বলেছিলেন, যেসব নারী এ ধরনের আচরণে অস্বস্তি বোধ করেন, তাদের আপত্তিকে গুরুত্ব দেওয়া উচিত। পাপারাজ্জিদের এমন মানসিকতার সমালোচনা করে তিনি তাদের নিজেদের মা-বোনের ছবি একইভাবে তুলে দেখানোর চ্যালেঞ্জও জানান।

এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছিলেন অভিনেতা। তার বক্তব্যে স্পষ্ট, তারকাদের ছবি তোলার ক্ষেত্রে সম্মতি ও ব্যক্তিগত মর্যাদাকে উপেক্ষা করা উচিত নয়।

আবুধাবিতে বসছে আইফার ২৭তম আসর

এদিকে, আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইয়াস আইল্যান্ডে অবস্থিত ইতিহাদ অ্যারেনায়। আগামী বছরের ২২ ও ২৩ জানুয়ারি দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাদের সঙ্গে থাকবেন করণ জোহর ও মণীশ পল।

আয়োজনে সালমান খান, কারিনা কাপুর ও জাহ্নবী কাপুরের মতো তারকাদের মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে। তারকাদের উপস্থিতি ও জমকালো পরিবেশনায় এবারের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।