চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে মোবাইল সংযোগের সংখ্যা প্রায় ১৯ কোটি ১০ লাখ বা ১৯১ মিলিয়নে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক ফোরজি সেবা ব্যবহার করছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভা (এডব্লিউজি-৩৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে। এর মধ্যে ১০৮ মিলিয়নের বেশি গ্রাহক ফোরজি সেবা ব্যবহার করছেন।’
তিনি জানান, বর্তমানে দেশে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য শুধু সংযোগের সংখ্যা বাড়ানো নয়; বরং সেবার গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভজিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।’
তিনি বলেন, দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, জাতীয় ও আন্তর্জাতিক ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং টেলিযোগাযোগ সেবা আরও সাশ্রয়ী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যারসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে ডিজিটাল সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এপিটির মহাসচিব ড. মাসানোরি কোন্দো, এপিটি ওয়্যারলেস গ্রুপের সভাপতি ড. দাইজুং কিম, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিটিআরসির ভাইস চেয়ারম্যান ও কমিশনাররাও উপস্থিত ছিলেন।



