tanaka
প্রচ্ছদসারাদেশদুর্গার প্রতীকী ছবি ঘিরে বিতর্ক, নিজেই পোস্ট করে সমালোচকদের জবাব রুমিনের

দুর্গার প্রতীকী ছবি ঘিরে বিতর্ক, নিজেই পোস্ট করে সমালোচকদের জবাব রুমিনের

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির সাবেক নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁকে দেবী দুর্গার প্রতীকী রূপে উপস্থাপন করে তৈরি একটি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এবার সেই ছবিটি নিজেই শেয়ার করে ধর্মের নামে বিভাজন ও বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বিভিন্ন সামাজিক অপরাধ, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন। ব্যঙ্গাত্মক ভাষায় তিনি প্রশ্ন তোলেন, এসব অন্যায়ের ক্ষেত্রে ধর্মের কথা সামনে না এলেও অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখালেই কেন ধর্মীয় অনুভূতির প্রশ্ন ওঠে।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, ছবিটি কেউ তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার উদ্দেশ্যে। যারা ঘৃণা ছড়ানোকে ধর্মের অংশ মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি ২২টি বিষয় তুলে ধরেন।

তাঁর তালিকায় ছিল যৌন নির্যাতন, শিশুদের ওপর সহিংসতা, ঘুষ, হত্যা, নারীর প্রতি সহিংসতা, অপবাদ, সম্পদ লুট, প্রতারণা, মিথ্যাচার, মুনাফেকি, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং অন্যের অধিকার থেকে বঞ্চিত করার মতো বিষয়। এ ছাড়া পারিবারিক দায়িত্বে অবহেলা, খাদ্যে ভেজাল, ওজন ও পরিমাপে কারচুপি, ব্যভিচার এবং দুর্বল মানুষের ওপর অত্যাচারের মতো অনৈতিক কাজেরও সমালোচনা করেন তিনি।

এসব উদাহরণ তুলে ধরে পোস্টের শেষে রুমিন ফারহানা ব্যঙ্গ করে লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

নিজেকে দেবী দুর্গার প্রতীকী রূপে দেখানো ছবিটিও পোস্টের সঙ্গে যুক্ত করেন তিনি। ছবিটি সম্পর্কে বিশেষ দ্রষ্টব্যে রুমিন লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা জানানোর ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই তাঁর এই পোস্ট সামনে এল। বক্তব্যে রুমিন ফারহানা ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের নৈতিক আচরণ, অন্যায়ের বিরোধিতা এবং ভিন্ন ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।