বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আগাম রমজান মোবারক।” একই পোস্টে বিপুল ভোটে জয়ের জন্য তিনি তারেক রহমান ও তাঁর দলকে অভিনন্দন জানান। মমতা লেখেন, “বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলগুলোকেও। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।”
পাশাপাশি তিনি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে সীমান্তঘেরা পশ্চিমবঙ্গের দীর্ঘ ভূ-সীমান্ত রয়েছে। এর আগে একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় পোস্ট করে বিএনপির জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।



