জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে কুরুচিপূর্ণ, মিথ্যা ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিস পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। নোটিসে আমির হামজাকে ৪৮ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।
নোটিস অনুযায়ী, আমির হামজা নিজেকে জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। নোটিসে বলা হয়েছে, এসব মন্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নকারী। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে ফৌজদারি মামলা ও দেওয়ানি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)কে মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, তিনি যে তথ্য দিয়েছেন তা সত্য নয়। ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয়, এবং ওই বছরের শিক্ষাবর্ষে প্রথম শিক্ষার্থী ভর্তি হয়। তাই আমির হামজার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়ার দাবি ও আবাসিক হল নিয়ে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।



