বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে তাদের নাম প্রকাশ করা হবে।”
রিজভী বলেন, “বর্তমান সময়ে কিছু কুচক্রী মহল বিভিন্ন অপতথ্য প্রচার করছে। তারা বিএনপিকে ভিন্ন রকম তকমা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে এবং কিছু গণমাধ্যমকে ব্যবহার করে অসত্য সংবাদ পরিবেশন করছে।”
তিনি আরও বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে একটি চক্র গোপনভাবে কাজ করছে। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।”
রিজভী সতর্ক করে বলেন, “সম্প্রতি কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই সব সংবাদ মানসম্মত নয় এবং বিভ্রান্তিকর।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দলের প্রার্থী মনোনয়ন সম্পূর্ণ পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে দেওয়া হয়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই তফসিল ঘোষণার আগে কোনো পত্রিকায় প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি যোগ করেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন। তিনি বারবার বলেছেন, জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস। আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য জনগণের পাশে থাকা এবং জনগণকে ভালোবাসায় রাখাই। এতে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।”



