পূজা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ‘স্নেহের বন্ধন’ ও ‘কাটপিস’ নিয়ে দর্শকদের আগ্রহের চিত্র হতাশাজনক। মুক্তির আগে ছাদখোলা বাসে জমকালো প্রচারণা চালিয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছে না সিনেমা দুটি।
কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ‘স্নেহের বন্ধন’-এর একটি সন্ধ্যার প্রদর্শনীতে বিক্রি হওয়া ৩৭টি টিকিটের মধ্যে ৩৫টি কিনেছিলেন সিনেমাটির প্রচারে আসা প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থাৎ সাধারণ দর্শকের টিকিট বিক্রি হয়েছিল মাত্র ২টি।
অন্যদিকে, একই দিনে ‘কাটপিস’ সিনেমার টিকিট বিক্রি হয়েছে মাত্র ৮টি। লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক জানিয়েছেন, মুক্তির প্রথম দিন থেকেই সিনেমা দুটির একাধিক প্রদর্শনীতে দর্শক পাওয়া যায়নি। এমনকি কয়েকটি শোতে কোনো টিকিটই বিক্রি হয়নি।
‘স্নেহের বন্ধন’ সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। কামরুজ্জামান পরিচালিত ছবিটির প্রচারে মুক্তির আগে ছাদখোলা বাসে ঘুরেছিলেন সংশ্লিষ্ট তারকারা। দেশের আরও ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সেখানেও দর্শক উপস্থিতি আশানুরূপ নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হলমালিকের মতে, শুধু প্রচারণা নয়, দর্শক টানতে ভালো গল্প ও মানসম্মত সিনেমা নির্মাণ জরুরি। দর্শকদের ইতিবাচক অভিজ্ঞতা ও মুখে মুখে প্রচারই সিনেমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



