tanaka
প্রচ্ছদজাতীয়চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ই-মেইল, জড়িত চক্র শনাক্তে তদন্ত

চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ই-মেইল, জড়িত চক্র শনাক্তে তদন্ত

বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ চারটি দূতাবাস এবং সরকারি কয়েকটি দপ্তরে চাঁদা দাবি করে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। পরে ডিবি সূত্র তিনটি দূতাবাসের নাম নিশ্চিত করেছে।

ডিবি প্রধান বলেন, একটি অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসকে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে এসব ই-মেইল পাঠাচ্ছে। যাদের নম্বর ব্যবহার করা হচ্ছে, তারা নিজেরাও বিষয়টি সম্পর্কে অবগত নন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি শুধু চাঁদাবাজির উদ্দেশ্যে নাও হতে পারে। কাউকে হয়রানি করা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরেও এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হতে পারে।

এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাও চক্রটির অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে ধারণা করছে ডিবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।