সিনেমার দৃশ্যের মতো দুঃসাহসিক কায়দায় চলন্ত কাভার্ডভ্যান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেটারদের আটটি লাগেজ চুরি করেছে একটি চোরচক্র। মোটরসাইকেলে কাভার্ডভ্যানের পিছু নিয়ে একপর্যায়ে চলন্ত গাড়ির পেছনে উঠে দরজার তালা ভেঙে লাগেজগুলো নামিয়ে নেয় চক্রের এক সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালামালের বড় একটি অংশ। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের একটি লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার করা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাত ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। পুলিশ জানিয়েছে, মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এ ছাড়া সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ডভ্যানে করে ঢাকা থেকে রাজশাহী নেওয়া হচ্ছিল।
পথে ভোরে নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে গাড়ির চালক সজীব কাভার্ডভ্যানের দরজার তালা পরীক্ষা করে আবার যাত্রা শুরু করেন। এরপর ভোররাত আনুমানিক ৫টার দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা চোরচক্রটি চলন্ত কাভার্ডভ্যানের পেছনে ওঠে। পরে দরজার তালা ভেঙে একে একে আটটি লাগেজ নামিয়ে নেয় তারা।
পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক বিষয়টি কাভার্ডভ্যানচালক সজীবকে জানালে তিনি গাড়ি থামিয়ে দরজার তালা ভাঙা ও খোলা অবস্থায় দেখতে পান। পরে হোটেলে লাগেজ নামানোর সময় হিসাব করে দেখা যায়, দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি চুরি হয়েছে।
এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর চুরি যাওয়া লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ তদন্ত শুরু করে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে জেলা ডিবি পুলিশ। পরে গতকাল ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদত হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, একটি ল্যাপটপ, চারটি প্লাস্টিকের বাক্স ও নগদ আট হাজার টাকা। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন আরও জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের লাগেজে থাকা তিন লাখ টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।



