tanaka
প্রচ্ছদসারাদেশগাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের খাদিজার পাশে বিএনপির সহায়তা সেল

গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের খাদিজার পাশে বিএনপির সহায়তা সেল

প্রথম নিউজ২৪ গাজীপুর: গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। চিকিৎসার পাশাপাশি শিশুটির পরিবারকে আর্থিক, আইনি ও স্বাস্থ্যসেবা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ ও নির্দেশনায় শনিবার (২৯ আগস্ট) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নেন গাজীপুর মহানগর সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম।

এ সময় তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

শিশুটির চিকিৎসা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ অনুযায়ী সেলটির পক্ষ থেকে সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। খাদিজার বর্তমান চিকিৎসা, পরবর্তী স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায়ও পাশে থাকার কথা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্যসচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং হাসপাতালের কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মার্চ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করা হয়। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে সেলটির কেন্দ্রীয় সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।

চিকিৎসক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সেল প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার গাজীপুরে ধর্ষণের শিকার শিশু খাদিজা ও তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।