ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি–এর জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে একে ‘একটি উপশম’ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খামেনিকে “আমাদের সময়ের এক রক্তপিপাসু স্বৈরশাসক” বলে আখ্যায়িত করেন।
তিনি দাবি করেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম পর্বে পৌঁছেছে এবং খুব শিগগিরই এটি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
রেজা পাহলভি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনির কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য। ইরানের জনগণের উদ্দেশে তিনি বলেন, এটি একটি বৃহৎ জাতীয় পুনর্জাগরণের সূচনা হতে পারে, তবে সংগ্রাম এখনো শেষ হয়নি।
বিশ্বজুড়ে লাখো বিরোধী সমর্থককে উজ্জীবিত করতে সক্ষম হলেও সমালোচকদের মতে, পাহলভি কোনো সর্বজনগ্রাহ্য ঐক্যবদ্ধ নেতৃত্ব নন; বরং তিনি একটি বিতর্কিত চরিত্র। উল্লেখ্য, ইরানে ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতি সমর্থন জানানো দণ্ডনীয় অপরাধ এবং সামাজিকভাবেও তা ব্যাপকভাবে নিরুৎসাহিত। ১৯৭৯ সালের গণঅভ্যুত্থানে যে ইরানি সমাজ শাহের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়েছিল, সেখানে রাজতন্ত্রের প্রতি সহমর্মিতা এখনো নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়। তবুও পাহলভি বর্তমানে প্রবাসভিত্তিক ইরানি বিরোধী রাজনীতির অন্যতম পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।
সূত্র: CNN।



