নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানে সরকারের নীতি ও উদ্যোগ নিয়ে বক্তব্য
আওয়ামী লীগ সরকারের সময় সঠিক নীতি ও পরিকল্পনার অভাবে দেশের কৃষি ও মৎস্য খাত কাঙ্ক্ষিতভাবে এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আগের সরকারের নীতি ও পরিকল্পনার ঘাটতির কারণে কৃষক ও মৎস্যজীবীরা প্রত্যাশিত উৎপাদন করতে পারেননি। তাদের জীবনমানও কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর কৃষি ও মৎস্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে উৎপাদন বাড়ানো এবং এ খাতের সঙ্গে জড়িত মানুষের জীবনমান উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরারের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
এর আগে অতিথিরা স্থানীয় একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।



