কার্তিক আরিয়ানের পরিবারে এখন বিয়ের আনন্দ। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতার ছোটবোন ড. কৃতিকা তিওয়ারি। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে তার বাগদান। কৃতিকার জন্মস্থান মধ্যপ্রদেশের গোয়ালিয়রেই আয়োজন করা হবে এই বিশেষ অনুষ্ঠান।
মুম্বাইয়ের সংবাদমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাগদানের পরিকল্পনা করা হয়েছে। তবে পরিবার এখনো সঠিক তারিখ প্রকাশ করেনি। ইতোমধ্যেই গোয়ালিয়রের বাড়িতে তৈরি হয়েছে উৎসবের রঙ; শুরু হয়ে গেছে ব্যস্ততা। কৃতিকার আংটিবদলের সঙ্গী কে—তা এখনো জানা যায়নি। বোনের নতুন জীবনকে কেন্দ্র করে দারুণ উচ্ছ্বসিত কার্তিক। ব্যস্ত শিডিউল সত্ত্বেও ডিসেম্বরের দিনগুলো খালি রেখেছেন, যেন পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পারেন। ছবির প্রচার আর বোনের বিশেষ দিন—দুই দায়িত্বই সমানভাবে সামলাচ্ছেন তিনি।
কার্তিক–কৃতিকার সম্পর্ক সবসময়ই গভীর। এক সাক্ষাৎকারে কার্তিক বোনকে বলেছেন ‘জীবনের আশীর্বাদ’। আর কৃতিকার মতে—দুজনের স্বভাব একেবারেই বিপরীত; কার্তিক শান্ত, আর সে প্রাণবন্ত ও চঞ্চল। ডাক্তার পরিবারে বড় হওয়া কার্তিকের মা মালা তিওয়ারি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। সেই পথ অনুসরণ করেই চিকিৎসক হয়েছেন কৃতিকাও। এ নিয়ে মজা করে কার্তিক বলেছিলেন—মা–বাবার স্বপ্ন পূরণ করেছে তার বোন, যা তিনি পারেননি। সম্প্রতি এমবিবিএস সম্পন্ন করেছেন কৃতিকা। হবু স্বামীও কি চিকিৎসক—এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
একসময় কার্তিকের মা বলেছিলেন, তিনি নাকি চান ছেলের জীবনসঙ্গী একজন ডাক্তার হোক! তাই যখন শ্রীলীলার সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল—নেটিজেনরা আরও সরগরম হয়েছিল, কারণ শ্রীলীলাও মেডিক্যাল ছাত্রী। যদিও সম্পর্ক নিয়ে আলোচনা চলেছে, আপাতত পরিবারে আনন্দের খবরই বড়। বর্তমানে ‘তু মেরি ম্যায় তেরা’ ছবির প্রচারে ব্যস্ত কার্তিক; তবুও বোনের জীবনের এই নতুন অধ্যায় কোনোভাবেই মিস করতে চান না তিনি।



