ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।
একই সময়ে আরও ১০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৫৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং মে মাসে ১ জন মারা যান। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হওয়ায় এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে।



