tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিএআই দিয়ে তৈরি হলো কার্যকর কৃত্রিম ভাইরাস, বাড়ছে জৈবনিরাপত্তা উদ্বেগ

এআই দিয়ে তৈরি হলো কার্যকর কৃত্রিম ভাইরাস, বাড়ছে জৈবনিরাপত্তা উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো একটি কার্যকর কৃত্রিম ভাইরাস তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। গবেষণাটিকে জীববিজ্ঞানে এআই ব্যবহারের ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হলেও, এর মাধ্যমে ভবিষ্যতে ক্ষতিকর জীবাণু তৈরির সম্ভাবনা নিয়ে নতুন করে জৈবনিরাপত্তা ও নৈতিক উদ্বেগ তৈরি হয়েছে।

গবেষকরা এআইয়ের সহায়তায় একটি ভাইরাসের সম্পূর্ণ জিনোম বা জিনগত নকশা তৈরি করেন। পরে সেই নকশা অনুসরণ করে গবেষণাগারে কৃত্রিম ভাইরাস তৈরি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তৈরি করা ভাইরাসটি কোষের মধ্যে বংশবিস্তার করতে পারে এবং নির্দিষ্ট ধরনের ই-কোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। তাদের দাবি, এআই ব্যবহার করে সম্পূর্ণ একটি ভাইরাসের জিনোম তৈরি করে সেটিকে বাস্তবে কার্যকর করার ঘটনা এটাই প্রথম।

গবেষণায় ‘ইভো-১’ ও ‘ইভো-২’ নামের এআই মডেল ব্যবহার করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ভাষাভিত্তিক এআই মডেলের আদলে তৈরি এসব মডেল বিপুল পরিমাণ জীবের জিনগত তথ্য বিশ্লেষণ করে নতুন জিনোমের নকশা তৈরি করতে পারে। গবেষণায় এআই হাজার হাজার সম্ভাব্য নকশা তৈরি করে। সেখান থেকে ৩০২টি নকশা বাছাই করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংসে সক্ষম বলে প্রমাণিত হয়।

বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে এই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সুপারবাগ ধ্বংস, জিনগত রোগের চিকিৎসা এবং ক্যানসারের নতুন থেরাপি বা ওষুধ তৈরিতে এর সম্ভাব্য ব্যবহার রয়েছে।

তবে সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে এআইয়ের সাহায্যে যদি কেউ মানুষের জন্য ক্ষতিকর ভাইরাস বা অন্য কোনো জীবাণু তৈরির চেষ্টা করে, তাহলে তা বড় ধরনের জৈবনিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সতর্ক করে বলেছেন, মানুষ বা অন্যান্য জটিল প্রাণীকে আক্রমণ করতে সক্ষম কৃত্রিম ভাইরাস তৈরির প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তবে স্ট্যানফোর্ডের গবেষকদের দাবি, পুরো গবেষণা প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়েছে। মানুষের জন্য ক্ষতিকর কোনো ভাইরাস তৈরির চেষ্টা করা হয়নি এবং এআই মডেলকেও সে ধরনের তথ্য দেওয়া হয়নি।

বিশেষজ্ঞদের মতে, জীবের জিনগত নকশা তৈরিতে এআইয়ের ব্যবহার চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। তবে একই সঙ্গে এই প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নিরাপদ ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও কঠোর নজরদারি নিশ্চিত করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ।