পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ—এমনই দাবি করেছে রাওয়ালপিন্ডির কারা কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) গুজব ছড়ায় যে তাকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, “আদিয়ালা থেকে ইমরান খানকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা এবং রাষ্ট্রের গোপন নথি ফাঁসসহ একাধিক মামলা করা হয়। নানা ঘটনার পর ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার জামিনে মুক্তি পেলেও পরে ফের গ্রেপ্তার হন এবং সেই বছরের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, কারাগারে ইমরান খান সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তার ভাষায়, “তার জন্য যে খাবার আসে, তা পাঁচ তারকা হোটেলের মেন্যুতেও পাওয়া যায় না। তার কাছে টেলিভিশন রয়েছে, যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের সরঞ্জাম এবং ডাবল বেডও দেওয়া হয়েছে।”



