দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। শুধু গত ২৩ দিনে ডেঙ্গু জ¦রে প্রাণ হারিয়েছেন ৬০ জন, যা এক মাসে সর্বোচ্চ মৃত্যু। আগস্টে মারা গেছেন ৩৯ জন।
একদিনে ৬৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,১৭৩ জনে। সারা দেশে প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে, আর এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বিভাগ অনুযায়ী:
- বরিশাল: ১৩৬
- চট্টগ্রাম: ৭৬
- ঢাকা (অন্যান্য জেলা): ১১৭
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০১
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১০৭
- রাজশাহী: ৫৭
- ময়মনসিংহ: ১৭
- রংপুর: ৪৭
- সিলেট: ৬
সর্বমোট ৬৮১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে মোট ৪০,৮৬৭ রোগী হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন।
১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৩,১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬০.৩% পুরুষ ও ৩৯.৭% নারী।



