tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরোনো শর্ত মনে করিয়ে দিল ইরান

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, যুদ্ধ বন্ধের পুরোনো শর্ত মনে করিয়ে দিল ইরান

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধ প্রত্যাহার না হলে শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, ওয়াশিংটন আগের সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। ফলে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার, হামলা বন্ধ, বাজেয়াপ্ত সম্পদ ফেরত এবং নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এসব শর্ত পূরণ না হলে শান্তির দিকে এগোনো অসম্ভব।

ইরানের এই মুখপাত্রের দাবি, শর্তগুলো নতুন নয়। ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা’র অংশ হিসেবে মার্কিন প্রশাসন আগেই এসব বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে সমঝোতা ভঙ্গ করেছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গেও নিজেদের অবস্থান তুলে ধরেন বাঘাই। তিনি বলেন, এই জলপথের নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান সব সময়ই স্পষ্ট। হরমুজ প্রণালি আগে নিরাপদ আন্তর্জাতিক নৌপথ ছিল এবং এখনো রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণেই সেখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ সময় হুঁশিয়ারি দিয়ে বাঘাই জানান, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ ও নৌযানকে ইরান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।

সূত্র: আল-জাজিরা